টানা তীব্র গরমের দিন পেরিয়ে ঢাকায় দেখা মিলেছে বৃষ্টির। তাতে কমে এসেছে তাপমাত্রা।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা ও তার আশেপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। এর আগে বুধবার বিকালের দিকেও বৃষ্টি হয় রাজধানীতে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আকাশ থাকতে পারে আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে, আর শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।
এর আগে বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


