জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি যথাযথভাবে মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বিশেষ করে সংসদ কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদীয় রীতিনীতির বিভিন্ন ব্যত্যয় লক্ষ্য করে স্পিকার বলেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা সংসদ সদস্যদের জন্য অনুচিত।
বৈশ্বিক রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, সংসদ কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা নত করে কিংবা অভিবাদন জানিয়ে চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করা বিশ্বব্যাপী প্রচলিত নিয়ম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, অনেক সদস্য এই সাধারণ নিয়মটুকুও পালন করছেন না।
অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা ও মোবাইল ফোনের যত্রতত্র ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্পিকার বলেন, অধিবেশনে উপস্থিত থাকা অবস্থায় দর্শক গ্যালারিতে থাকা ব্যক্তিদের সঙ্গে হাত মেলানো একেবারেই অনভিপ্রেত।
এ ছাড়া স্পিকার এবং বক্তার মধ্যবর্তী স্থান দিয়ে যাতায়াত করা সংসদীয় শিষ্টাচার বহির্ভূত হলেও অনেক সদস্য বারবার তা করছেন। তিনি সংসদ সদস্যদের মোবাইল ফোন মিউট রাখা এবং অধিবেশন কক্ষে ফোনে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দেন।
সংসদ কক্ষে পানাহারের মতো নজিরবিহীন ও অশোভন ঘটনার কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদ অধিবেশনে পানাহার করার কোনো বিধান নেই। অতীতে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। সংসদের ঐতিহ্য বজায় রাখা সবার পবিত্র কর্তব্য।
সবশেষে তিনি নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালি বিধি বইটি গুরুত্ব সহকারে পড়ার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।


