রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে ছুরিকাঘাতে মোবারক (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকালে শিশুপার্কের সামনে ফুটওভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।
নিহতের চাচাত ভাই রবিউল জানান, তাদের বাড়ি হবিগঞ্জে। মোবারকের বাবার নাম আব্দুল মোনাফ। মোবারক শাহবাগ এলাকাতে ভাসমান অবস্থায় থাকতেন। এক সপ্তাহ আগে লামিয়া নামে এক মেয়েকে বিয়ে করেছেন তিনি।
রবিউল আরও জানান, নবী নামে এক ব্যক্তি ওই এলাকায় মাদক বিক্রি করেন। এক সপ্তাহ আগে তার কাছ থেকে মোবারক ৪ হাজার টাকার মাদক বাকিতে নিয়ে আসে বিক্রির জন্য। তবে সেই টাকা পরিশোধ করছিলেন না নবীকে। নবী রোববার বিকালে রাতুল, রাজুসহ ৪-৫ জনকে পাঠায় মোবারকের কাছে, পাওনা টাকা তুলে আনার জন্য।
শাহবাগ পুরাতন শিশুপার্ক সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে মোবারকের দেখা পেলে তার কাছে টাকা চান তারা। মোবারক টাকা দিতে অস্বীকৃতি জানালে তর্কাতর্কির এক পর্যায়ে রাজু ও রাতুল মোবারকের শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যান, যোগ করেন তিনি।
পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, স্বজনরা মোবারককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছেন। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানাকে বিষয়টি অবগত জানানো হয়েছে।


