ঢাকার ডেমরায় পরকিয়া সন্দেহে স্বামী সোহাগ মিয়ার (২৮) ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছেন।
বুধবার দুপুরে বামৈল এলাকার মাতব্বর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর সোহাগ মিয়ারকে আটক করে পুলিশ।
আহতরা হলেন–স্ত্রী মোরশেদা আক্তার (২৩) ও শাশুড়ি সাহিদা বেগম (৪০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, মোরশেদা ও সোহাগ পোশাক কারখানায় চাকরি করেন। বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।
এদিন দুপুরে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে সোহাগ মোরশেদাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। একসময় মোরশেদার মা বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
এ সময় মা-মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনার পর সোহাগকে আটক করে পুলিশে দেন প্রতিবেশীরা।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগ মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


