ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩০৮ জন। তবে এই সময়ে এইডিস মশাবাহিত এ রোগটিতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়েছে।
এতে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৮৭ জনে, আর মোট মৃতের সংখ্যা ২২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে বরিশালে। এসময়ে ১১৫ জন ভর্তি হয়েছে সেখানকার হাসপাতালগুলোতে।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ১৫ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু হয় ৭৬ জনের।
অক্টোবরের প্রথম আট দিনে ভর্তি হন ৫ হাজার ৫৪৩ জন, মৃত্যু হয় ২৬ জনের। জুলাইয়েও মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু হয়েছিল ৪১ জনের।
এর আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ ও আগস্টে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। মার্চে মৃত্যুর কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।


