ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৫৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর এই হিসাব রেকর্ড করা হয়েছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা সবাই পুরুষ। তাদের বয়স ছিল যথাক্রমে ৬৫, ৫৩, ৫০, ৩৫ এবং ২৪ বছর।

এর মধ্যে দুই জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, বাকি তিন জন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ফলে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৫৯ জন।

আরও পড়ুন

চলতি বছরে সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি হন, যেখানে ৭৬ জনের মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ২১৭ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৬৯ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ১৪১ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৮৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১ হাজার ৬৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad