জেলা প্রশাসকদের (ডিসি) যেকোনো সময় যেকোনো পদে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনপ্রশাসনের প্রতিটি পদকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবুন। দেশের যেকোনো স্থানে যেকোনো সময় দায়িত্ব পালনে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখুন।’
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘জনপ্রসাশন সঠিকভাবে কাজ করলে জনগণের সঙ্গে সেতুবন্ধন সহজ হয়, জনরায়ের প্রতিফলন ঘটে। জেলা প্রশাসকরাই জনগণের প্রতিনিধি।’
‘সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি ও পদোন্নতির ভিত্তি’, যোগ করেন তারেক রহমান।
তিনি বলেন, ‘সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই জনপ্রশাসনকে দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ।’
‘জনপ্রশাসনের সততা, দায়বদ্ধতা ও নীতিগত দক্ষতার ওপরই সরকারের নেওয়া জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নের সফলতা নির্ভর করে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জনগণের সঙ্গে কাজ করবেন। আপনারাই জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে জনগণের ভোগান্তি না বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে সরকার কাজ করছে।’
পাশাপাশি নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে সই করা জুলাই সনদের সব কিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তারেক রহমান।