প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার গভীর রাতে মিরপুর ডিওএইচএস-এর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়। রাত পৌনে দুইটার দিকে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তবে কোন মামলায় মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ডিবি সূত্রে জানা যায়, খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটক, দুর্নীতির মাধ্যমে জলসিঁড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাৎ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও ডিজিএফআইয়ে আয়নাঘরের হোতা বলে তার পরিচিতি রয়েছে এবং সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে অবৈধভাবে হাজার কোটি টাকা সম্পদের মালিক হওয়ার অভিযোগও আছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিবি।
এর আগে, গত বছরের ২২ মে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি. এম. জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব ওই আদেশ দেন।


