‘তথ্য গোপন করার’ কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসবের অনুমতি বাতিল করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঋতুভিত্তিক অনুষ্ঠানটির মূল্যবোধকে ধারণ করে নিজ উদ্যোগে এ অনুষ্ঠান করবে বলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার বিকাল তিনটায় শরৎ উৎসব আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব আয়োজনের অনুমতির আবেদন পর্যায়ে ‘অনেক তথ্য গোপন’ রেখেছে দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী বকুলতলায় শরৎ উৎসবের জন্য আবেদন করলে প্রাথমিকভাবে অনুমতি দেওয়া হয়। তবে ৯ অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীরা তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাঠায় এবং আয়োজকের বিরুদ্ধে পোস্টার লাগায়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘পরবর্তীতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ কালচারাল ফ্যাসিস্ট হিসেবে বহু নেতিবাচক কর্মকাণ্ডের ছবিসহ তথ্য চারুকলা কর্তৃপক্ষের হাতে আসে। এতে ২০২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।’
‘বিগত ফ্যাসিবাদী শাসনামলের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা’ করে শিল্পীগোষ্ঠীর আয়োজকদের সম্পর্কে অনুসন্ধান ও যাচাইবাছাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘দেশের ঋতুভিত্তিক সকল অনুষ্ঠানের মূল্যবোধকে ধারণ করে’ উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় আয়োজন করা হবে ‘শরৎ উৎসব ১৪৩২’।
চারুকলার বকুলতলায় গত ১৯ বছর ধরে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সে ধারাবাহিকতায় এবছরই উৎসবের অনুমতি নেওয়া হয়েছিল, নিয়ম অনুযায়ী নির্ধারিত অর্থও জমা দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে মালামাল নিয়ে গেলে সেখানে তাদের ঢুকতে দেওয়া হয়নি। তখনই জানানো হয় স্থগিতের সিদ্ধান্তের কথা।


