গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার সকাল ১০টা ৬ মিনিটে তাদের বহনকারী প্রিজন ভ্যানটি আদালত চত্বরে পৌঁছে।
কিছুক্ষণের মধ্যে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাদের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই শুনানি ঘিরে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ এবং বিজিবি সদস্য।
র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে বন্দি রেখে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করে এই মামলা হয়। এ ছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে রেখে গুমের অভিযোগে আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়।


