পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে সর্বশেষ দেখায় ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ, তাও পাকিস্তানের ঘরের মাঠে। সেই সিরিজের পর আবারও লাল বলের ক্রিকেটে মুখোমুখি দুই দল, ৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলই মুছে ফেলতে চায় নিকট অতীতের স্মৃতি।
বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদিকে মনে করিয়ে দেয়া হয়, সর্বশেষ সিরিজের কথা। তবে এই বাঁহাতি পেসার সোজা জবাবেই বলেছেন, ‘অতীত অতীতই। ব্যক্তিগতভাবে বললে অতীত নিয়ে পড়ে থাকার মানুষ আমি না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমানে থেকে ভবিষ্যত নিয়ে চিন্তা করা। শুধু একটা সিরিজ না, আমরা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি।’
বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্সকেও মনে করিয়ে দেয়া হয়েছিল সেই সাফল্যগাঁথা। যদিও তখন দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে পাল্টা জবাবে সিমন্সও জানিয়ে দেন, যা হয়েছে সেটা ইতিহাসের অংশ।
এই ক্যারিবিয়ান কোচ বলেন, ‘ যা হয়েছে সেটা ইতিহাস। তবে সেসব নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ আমরা নতুন ইতিহাস গড়তে চায়। শুক্রবার পর্যন্ত দেখুন কী হয়। আর তখন কী হয়েছে, সেটা খুব বেশি মানে রাখে না। তবে মাথায় রাখলে ভালো, ভেতর থেকে একটা অনুপ্রেরণা যোগায় নিশ্চিত।’
মিরপুরে প্রথম টেস্টের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে। সর্বশেষ ২০২১ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। পাঁচ বছর পর চেনা মাঠে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে।
২০২৫ সালের নভেম্বরের পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলেন মুশফিকুর রহিমরা। এবার প্রায় ছয় মাস পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজে দুই নতুন মুখ অন্তর্ভুক্ত করেছে নির্বাচক কমিটি। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার অমিত হাসান।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।
পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুহাম্মদ গাজী ঘোরি , নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি


