কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা।
বুধবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন-আল-মুকিত টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার বিকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের লামার বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের বাহারছড়া আউটপোস্ট ও শাহপরী দ্বীপ আউটপোস্টের সদস্য এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন-আল-মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই এলাকার তিনটি গুদামঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে অবৈধ কারেন্ট জাল মালিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। দেশের সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ সুরক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।’


