কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়া পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি পরিবারের বসতঘর ও দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাটমুরা জালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাশিমন দাশ নামে এক জেলের ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরগুলো ত্রিপল ও টিনশেড দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
প্রত্যক্ষদর্শী নাছির উদ্দিন বলেন, ‘হঠাৎ আগুন দেখে আমরা ছুটে যাই। সবাই মিলে নেভানোর চেষ্টা করি, কিন্তু বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুই বাঁচানো সম্ভব হয়নি।’
খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস সদস্যসহ স্থানীয় অন্তত ১০ জন আহত হন।
ক্ষতিগ্রস্ত হাশিমন দাশ বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁই নেই। এ অন্ধকার রাতে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আছি।’
টেকনাফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিন মিয়া বলেন, ‘প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে জেলে, দিনমজুর ও সেলুন দোকানদার রয়েছেন। তাদের বসতঘর, আসবাবপত্র ও দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।


