সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চ্যুয়াল কোর্টের সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা করা হবে। সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতের লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারি করা প্রাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যে কোনও একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে ২০ এপ্রিলের মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতেও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।


