টেকনাফে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দমদমিয়া এলাকার কেয়ারী ঘাটসংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দুই রোহিঙ্গা এবং টেকনাফের দমদমিয়া এলাকার দুই বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিম মিয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটির নম্বর কক্সবাজার জ-১১-০২৩২। এটি পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহীবাস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন। তার মধ্যে চার জন আহত হয়েছেন।’
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মো. আয়ুব জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী মো. শহিদুল্লাহ বলেন, ‘দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ও বিভিন্ন সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠান। দুর্ঘটনা বড় হলেও হতাহতের সংখ্যা কম হয়েছে। এক কথায় অলৌকিকভাবে ১৬ জন যাত্রী বেঁচে গেছেন।’
ফায়ার সার্ভিস ও পুলিশ বলছে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।


