আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৮ জানুয়ারি নেপালে শুরু হতে যাওয়া বাছাইপর্বের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক, প্রথমবার ডাক পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। তার সাথে ফিরেছেন দিলারা আক্তার।
আগামী ১২ জানুয়ারি বাছাইপর্বে খেলতে নেপালের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী দল। ১০ দলের এই বাছাইপর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানী কাঠমান্ডুর দুটি ভেন্যু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ও আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ড মিলিয়ে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের নারী দল।
১৮ জানুয়ারি মুলপানিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ২০ ও ২২ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলবে পাপুয়া নিউগিনি ও নামিবিয়ার বিপক্ষে। ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব।
আগামী ১২ জুন ইংল্যান্ডে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের, চলবে ৫ জুলাই পর্যন্ত। বাছাইপর্ব থেকে মূলপর্বে জায়গা পাবে চার দল। আইসিসি র্যাংকিং ও সর্বশেষ আসরের পাঁচ দল মিলিয়ে ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে মোট আট দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাই: শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।


