চট্টগ্রামে শ্রমিকদের কাছে ‘চাঁদা’ দাবি, প্রতিবাদ করায় যুবক খুন

চট্টগ্রামে শ্রমিকদের কাছে ‘চাঁদা’ দাবি, প্রতিবাদ করায় যুবক খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় শ্রমিকদের কাছে ‘চাঁদা’ দাবির প্রতিবাদকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাশ নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও সহকর্মীদের অভিযোগ, কয়েক মাস আগে একটি চক্র কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। আকাশ এর প্রতিবাদ করলে তারা চাঁদা নিতে পারেনি। এ নিয়ে তাদের সঙ্গে তার বিরোধ চলছিল।

নিহতের ভাই সাগর দাশ জানান, এদিন রাত ৮টার দিকে বাসায় খাওয়া শেষে কর্মস্থলে যান আকাশ। কারখানার সামনে পৌঁছে তিনি দেখেন, সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ি এলাকার রাতুল, ইমন, মহসিন ও নাজমুলের বাগবিতণ্ডা চলছে। এক পর্যায়ে তারা মাইকেলকে মারধর করলে আকাশ এগিয়ে যান। তখন তার সঙ্গেও বাকবিতণ্ডা শুরু হয়।

আরও পড়ুন

অভিযোগ অনুযায়ী, ওই যুবকেরা আরও কয়েকজনকে ডেকে আনে। তারা আকাশকে প্রথমে হেলমেট দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad