টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আরও একটি দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী দল।
শুক্রবার নেপালের কীর্তিপুর স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৯০ রানে পরাজিত করে টানা ষষ্ঠবারের মতো জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
তবে এই জয়ের আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের।
দারুণ শুরুটা করেছিলেণ দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। ইনিংসের শেষ দিকে জ্যোতি এবং সোবহানার অনবদ্য ব্যাটিং বাংলাদেশকে ১৯১ রানের এক বিশাল সংগ্রহ গড়তে সাহায্য করেছে।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল স্কটল্যান্ড।
ডাসি কাটার ইনিংসের একেবারে প্রথম বলেই আউট হন, যার পরপরই বিদায় নেন ক্যাথরিন ফ্রেজার এবং ক্যাথরিন ব্রাইস। স্কটল্যান্ডের ইনিংস পঞ্চাশ ছোঁয়ার আগেই ইলসা লিস্টার এবং সারাহ ব্রাইসও প্যাভিলিয়নে ফেরত যান।
মেগার ম্যাকল ২০, পিন স্প্রুল ২৭ এবং প্রিয়নাজ চ্যাটার্জি ১৪ রান করেন, কিন্তু শেষ পর্যন্ত দলটি ১০১ রানেই থমকে যায়।
বাংলাদেশের পক্ষে মারুফা তিনটি এবং স্বর্ণা আক্তার দুটি উইকেট নেন।
৫৬ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে ৫ উইকেটে ১৯১ রানে পৌঁছে দিয়ে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হন জ্যোতি।


