মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি (৫০) ও উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি (৪০)। তারা দুজন আপন ভাই।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে শালিখার আড়পাড়া গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তারা দুজনই বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
অভিযানে তাদের কাছ থেকে একটি সচল পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দুইটি বড় দা, একটি রামদা, খাপসহ একটি কমব্যাট নাইফ, একটি ফোল্ডিং নাইফ জব্দ করা হয়।
এ ছাড়াও তাদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


