টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। পুলিশের ধারণা, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়ননসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল ৮টার দিকে হরিপুর নামক স্থানে পৌঁছালে বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় দুই বাসের ২২ জন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘাটাইল সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে, ওই দুর্ঘটনার পর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘাটাইল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।


