ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানের গায়ে হাত, কটুক্তি ও বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তাদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
শনিবার দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। গাড়ি না পেয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা যায়, শুক্রবার রাতে আবু রায়হান বাসে ওঠার সময় বাস শ্রমিক ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান বার বার সরি বলার পরেও ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটুক্তি করে। এক পর্যায়ে তাকে বাস থেকে নামিয়ে দেয়।
এ ঘটনায় নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে শুক্রবার রাত থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। শনিবার দুপুর পর্যন্ত দোষীদের বিচারের পাশাপাশি শহীদ সাগর হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সবগুলো বাস বন্ধ রাখার দাবি জানান তারা।
বৈষম্যবিরোধীদের এই কর্মসূচির ফলে ময়মনসিংহ-ঢাকাগামী ইউনাইটেড বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এই রুট ছাড়াও সারাদেশে চলাচলকারী আমিনুল হক শামীমের কোম্পানির সব বাস বন্ধের দাবি জানান তারা। খবর পেয়ে রাতেই পুলিশ সুপার ও জেলা প্রশাসক, সেনা সদস্যরা মাসকান্দা বাসটার্মিনালে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ঝন্টু নামে এক বাস শ্রমিককে আটক করেছে পুলিশ।

বাসস্ট্যান্ডে অবস্থান নেওয়া জুলাইযোদ্ধাদের মধ্যে রয়েছেন আবু রায়হান, মাসুদ রানা, মোজাম্মেল হক, মোকাররম আদনান।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শ্রমিকরা শনিবার দুপুর ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ বাইপাসে অবস্থান নিয়ে ঢাকাগামী সব ধরনের যান আটকে দিয়েছে।


