গাজীপুরের টঙ্গীতে দত্তপাড়া বনমালা এলাকায় রোববার ভোরে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের বাসা থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় সাকিব হোসেন নামের এক তরুণ ও বাড়ির পাশের রেললাইন থেকে তার বাবা সোহেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোহেল হোসেনের বড় ছেলে সাইবুর রহমান সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সাকিবের মুখে কাপড় গুঁজে দেওয়া ও তার দুই হাত ও পায়ের রগ কাটা ছিল। রেল লাইনের পাশে পড়ে থাকা সোহেল হোসেনের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় সোহেলের বড় ছেলে সোহান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ভোরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, সোহেল একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চাকরি করতেন। বছরখানেক আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে তিনি দুই ছেলেকে নিয়ে দেশেই বসবাস করতেন। তার ছোট ছেলে সাকিব ছিলেন রাজধানীর উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি লেখাপড়ার পাশাপাশি চাকরিও করতেন। আর বড় ছেলে সোহান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।


