ঝিনাইদহে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলামনখালী বাজারে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নেতা মাসুদ জোয়ার্দার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুর রহিম মোল্লা, বিসারত জোয়ার্দার, হাসেম আলী, গোলাম রসুল, সুরুজ ও ইয়ালিদ সহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার কলোমন খালি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সহ-সভাপতি ও দোগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরী গ্রুপের সাথে মাসুদ জোয়ারদার ও নাঈম গ্রুপের সমর্থকদের বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন আগেও উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তা নিয়ে সোমবার সকালে কলামনখালি বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের এবং ইটের আঘাতের ক্ষত রয়েছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত।
হাসপাতালে ভর্তি বিসারত জোয়ার্দার জানান, মাসুদ গ্রুপের লোকজন গ্রামের উত্তরপাড়ার আসাদ গ্রুপের কয়েকজনকে বাড়ি থেকে বের করে দেয়। এছাড়া আমিরুল নামের এক ব্যক্তিকে মেরে পা ভেঙে দেয়। এ নিয়ে মীমাংসা করার কথা বললেও নেতারা কারো কথা শোনে না। এরই জের ধরে বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়।
জেলা বিএনপি সহ-সভাপতি ও দোগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরী বলেন, ‘মাসুদের লোকজন আমাদের এক সমর্থক আমিরুলকে কিছুদিন আগে মেরে পা ভেঙে দেয়। পরে তারা বাজার দখল করে রাখে। সোমবার সকালে এসে বাজারের সব দোকান বন্ধ করে দেয়। এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।’
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ঝিনাইদহ সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মাসুদ বলেন, ‘বাজার দখল বা দোকানপাট বন্ধের কোন ঘটনা ঘটেনি। তারা আমাদের ওপর মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমিরুলকে আমরা মারধর করিনি আমিরুলের পারিবারিক দ্বন্দ্বের কারণে তার পরিবারের লোকজনরা তার ওপর আঘাত করে।’
জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ জানান, সামাজিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। রাজনৈতিক বিষয় নয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সামছুজ্জোহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


