ঝিনাইদহ সদরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত বিএনপির এক কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।
নিহত তরু মুন্সি (৫৫) সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে মাধবপুর গ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
আহতদের ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে তরু মুন্সির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউনিয়ন যুবদল নেতা আবু কালাম বলেন, ‘জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির আট নেতাকর্মী আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নেওয়া হয়। তরু মুন্সি মারাত্মক আহত ছিলেন এবং হাসপাতালে বমি করছিলেন। পরে তার অবস্থা খারাপ হলে চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠান।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান বলেন, ‘জামায়াতের নারী কর্মীরা ইফতার অনুষ্ঠানের আয়োজন করলে সেখানে বিএনপি বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।’
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


