মাগুরায় ঝড়ো বাতাসে গাছের শুকনা ডাল ভেঙে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মাহাবুব (২৭) ও প্রান্ত দত্ত (২৬)। প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে এবং মাহবুব একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুলের ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, শুক্রবার রাতে প্রান্ত দত্ত ও মাহবুব একই মোটরসাইকেলে করে নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে একটি গাছের শুকনা ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


