ঝালকাঠিতে পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক পুরোহিতকে গ্রেপ্তার করা হয়েছে। ঝালকাঠি শহরের বাহের রোড থেকে রোববার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পুরোহিতের নাম সুমন চক্রবর্তী (৪১)। তিনি ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় কালী মন্দির এলাকার মৃত তারাপদ চক্রবর্তীর ছেলে ও কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে পৌঁছামাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।


