মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত সংকট নিরসনে জ্বালানি তেল আমদানি ও সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির একক নিয়ন্ত্রণ বাতিলের দাবিতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে জ্বালানি তেল মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলার আমদানির বিপরীতে বকেয়া ৩৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রোববার জনস্বার্থে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এ নোটিশ পাঠান। ই-মেইল ও ডাকযোগে নোটিশটি পাঠানো হয়। আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র সচিব, বিপিসি চেয়ারম্যান, যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক, পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশনের (পেট্রো বাংলা) চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, বন্ধ থাকা অনেক পাম্পে অভিযানে হাজার হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যাচ্ছে। কিন্তু আইনের বিধান থাকা সত্ত্বেও কঠোর ব্যবস্থা না নেওয়ায় মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ করা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামেমাত্র জরিমানা করায় অবৈধ মজুতদারি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
নোটিশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে। যেখানে সর্বনিম্ন ১৪ বছর সশ্রম কারাদণ্ড, বা যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। কিন্তু আইনটির যথাযথ প্রয়োগ না করায় অপরাধ বেড়েই চলছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও পেট্রোবাংলা বিগত বছরগুলোতে জ্বালানি আমদানির বিপরীতে রাষ্ট্রের প্রাপ্য ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করেনি, যা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থি। অবিলম্বে ওই বকেয়া আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া জ্বালানি তেল আমদানি ও সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির যে একক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, সেটিকে জনস্বার্থ এবং সংবিধান পরিপন্থি বলে নোটিশে উল্লেখ করা হয়।


