দেশে চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, জ্বালানি সমস্যার বিষয়টি সরকার এড়িয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে পেট্রল পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় তেলের জন্য রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না। কিন্তু দুঃখজনকভাবে সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আগের মতোই সমস্যাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘উনি (জ্বালানিমন্ত্রী) কি দেখতে পাচ্ছেন না, গাড়ির দীর্ঘ সারি এবং পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যা যথাযথভাবে সমাধান দেবেন এবং সমস্যাটি স্বীকার করবেন কি না?
জবাবে জ্বালানি ও খনিজবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার ফলে যেই পেট্রল একদিন বা দেড়দিন লাগতো বিক্রি করতে, এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যায়। সেজন্য মানুষের প্যানিক শুরু হয়েছে, লাইন দেখা যাচ্ছে। কিন্তু পেট্রল সাপ্লাই হয় না, এটা ঠিক নয়। পেট্রল প্রতিদিন সাপ্লাই করা হয়।’
তিনি আরও বলেন, ‘দেশে যে গ্যাস সঞ্চালন লাইন আছে, অনেক পুরনো এবং গ্যাসের উত্তোলন কমে গেছে। সেজন্য প্রেসার কম থাকে। সেজন্য মাঝে মাঝে গ্যাসের লাইনে যায় না। এ সমস্যা সমাধানে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে, যা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।’


