আওয়ামী লীগ শাসনামলে ভিন্নমতালম্বীদের গুম করার দুই মামলায় আবারও প্রধান আসামি শেখ হাসিনার পক্ষে আমীর হোসেনকে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ দেয়। এর আগে নিয়োগ পেয়েও না আসায় ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান অ্যাডভোকেট জেড আই খান পান্না।
অ্যাডভোকেট আমীর হোসেন এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন। সেই মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তাঁর পক্ষে আইনজীবী হতে চেয়ে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তখন ট্রাইব্যুনাল সেই আবেদনে সাড়া দেয়নি। তবে প্রথম মামলার রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার পর বাকি মামলাগুলোতে ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে জেড আই খান পান্নাকে আইনজীবী নিয়োগ করে।
এই নিয়োগদানের খবর প্রকাশের পর ফেসবুকে পোস্ট দিয়ে জেড আই খান পান্না জানান, তিনি আর ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী হতে চান না। তবে আনুষ্ঠানিকভাবে তিনি বিষয়টি ট্রাইব্যুনালকে জানাননি।
বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলায় জেড আই খান পান্না উপস্থিত না থাকায় তাঁকে তলব করে ট্রাইব্যুনাল-১। এ খবর পেয়ে দ্রুত ট্রাইব্যুনালে গিয়ে নিঃশর্ত ক্ষমা চান জেড আই খান পান্না। পরে অ্যাডভোকেট আমীর হোসেনকে গুমের দুই মামলায় রাষ্ট্রীয় খরচে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল-১।


