চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তালাক পেয়েছেন তারাফুল খাতুন। তাঁর স্বামী সৈবুর রহমান স্থানীয় বিএনপি নেতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই শুক্রবার তালাক দেওয়ার ঘটনা ঘটে। এর ফলে দুই মেয়ে ও এক ছেলে সন্তান নিয়ে তারাফুল খাতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
তারাফুল খাতুন বলেন, ‘আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি এবং পরদিন নাতির জন্য এলাকার বাচ্চাদের খিচুড়ি রান্না করে এলাকার বাচ্চাদের খাইয়েছি। আমার স্বামী মনে করেছেন, আমি বিজয়ী প্রার্থীর জন্য খিচুড়ি খাইয়েছি। তাই তিনি আমাকে তালাক দিয়েছেন।’
তার সন্তান তারিফ হোসেন জানান, তারা এখন ফুফুর বাড়িতে রয়েছেন। স্বামী পরে ভুল স্বীকার করলেও, মা সংসারে ফিরতে চান না।
ঘটনায় স্বামী সৈবুর রহমান বলেছেন, ‘রাগে মাথায় তালাক দিয়েছি। এখন চেষ্টা করছি তাকে ফিরিয়ে আনার।’
এ বিষয়ে জামায়াতের শিবগঞ্জ পৌর নায়েবে আমির আব্দুল আজিজ মাহমুদ বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য যেহেতু তারাফুল খাতুনকে তালাক দেওয়া হয়েছে, সেহেতু দল তার সকল প্রয়োজনে পাশে থাকবে। পাশাপাশি বিষয়টি সুরাহা করা যায় কি না সে বিষয় চেষ্টা অব্যাহত রয়েছে।


