জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘অন্তবর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেগুলো প্রায় দীর্ঘ ৮ মাস পরিশ্রম করে আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।
শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যারা সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানাই।
এদিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে অংশ নেয় ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা।
এর আগে, বেলা দেড়টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘রণক্ষেত্র’ সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ‘জুলাই যোদ্ধারা’। তাদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়ে সাউন্ড গ্রেনেডও।


