আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড।
বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংঘটনে তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
চিফ প্রসিকিউটর দাবি করেন, গণহত্যায় সহায়তার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে পলক শলাপরামর্শ করেছেন এবং নানা পরিকল্পনায় যুক্ত ছিলেন। ইন্টারনেট বন্ধের মাধ্যমে বিশ্ববাসীর কাছ থেকে ঘটনার খবর আড়াল করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে আসত এবং তা বাস্তবায়ন করতেন জুনায়েদ আহমেদ পলক। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে বলে দাবি করা হয়।
এর আগে, ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় এবং জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। জয় বর্তমানে পলাতক রয়েছেন। অপর আসামি পলক গ্রেপ্তার অবস্থায় আছেন এবং শুনানির জন্য তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের জবাবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।


