গুম, হত্যাসহ তিন অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী। এ দিন আসামি জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ১১ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে ১৮ জানুয়ারি করা হয়।
প্রসিকিউশনের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
এদিকে মামলার ১১ আসামির মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি।


