দীর্ঘ সাত বছর পর শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাতে ১১টার দিকে শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি রহমানের সমাধিস্থলে পৌঁছান খালেদা জিয়া। নীল রঙের একটি গাড়িতে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। শেরে বাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক কবরের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি মোনাজাতে অংশ নেন।
এ সময়ে গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার দুই ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।
জিয়াউর রহমানের কবরে সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।
এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডার রাতে ইচ্ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া্উর রহমানের কবর জিয়ারত করবেন। তখন একরকম দ্রুত তার ব্যবস্থা করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।’
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান।


