কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, জিয়াউর রহমানের জীবনের সবচেয়ে বড় গুণ ছিল অর্থনৈতিক সততা।
শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর বলেন, ‘জিয়াউর রহমানের দ্বিতীয় বড় গুণ ছিল প্রশাসনিক দক্ষতা এবং তৃতীয় গুণ ছিল তার দূরদর্শিতা। তবে মানুষের প্রতি অতিরিক্ত আস্থা ছিল তার দুর্বলতা। মানুষের ওপর বিশ্বাস রেখেই তিনি স্বল্প নিরাপত্তায় চলাফেরা করতেন।’
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সংকটময় সময়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ওই ঘোষণা ছিল ঝুঁকিপূর্ণ এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা।’
ফজলুর আরও বলেন, ‘সামরিক কর্মকর্তা হয়েও জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তিনি একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তে রাজনৈতিক দল গঠন ও নির্বাচনী রাজনীতির সুযোগ সৃষ্টি করেন।’
সভায় ফজলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. মনির উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন।


