ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বুধবার সন্ধ্যা ৭টায় দেওয়া ভাষণে সিইসি বলেন, ‘আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।’
তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহত জুলাইযোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করেন।
সিইসি বলেন, ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয়, বরং দায়িত্বও। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ভোটাররা সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন।’ রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায় সবাই দায়িত্বশীল ও যত্নবান হবেন।’
ভিন্নমতকে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নিতে হবে।’
তিনি ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক ও সেবা প্রদানকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার প্রতি ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই ব্যবস্থাকে সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান।
সিইসি বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।’
যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনি কর্মকর্তা, মাঠপর্যায়ের বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।


