জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে মাহিদুল গাজী (৩)। এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন।
জানা যায়, সকালে পরিবারের অজান্তে মাহিদুল বাড়ির আঙিনা থেকে পাশের বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের কিনারায় তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, মঙ্গলবার সকাল ৮টার দিকে শিশু ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল। বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির কারণে সেই গর্তে পানি জমে ছিল। খেলার ছলে সবার অগোচরে শিশুটি পানিভর্তি গর্তে পড়ে তলিয়ে যায়।
পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গর্তে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পান তার মা। দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


