জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এরপর তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্রের বিকাশ, টেকসইকরণ, বিনিয়োগ এবং অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।
এ সময় উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে ইতালির ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকে অংশ নেন।
পরে দুপুরে, জামায়াত আমিরের সঙ্গে আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচনসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা।


