দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তারা ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের রোগী ছিল। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি ।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৫২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে । একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে ।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮৯ জন এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৩ জন রোগী ।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে এবং এর মধ্যে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩২৩ জন। দীর্ঘ এই সময়ে সন্দেহজনক হামে মোট ৫৬০ জন এবং ল্যাব-পরীক্ষিত নিশ্চিত হাম রোগে ৯২ জন রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া বিগত তিন মাসে মোট ৭০ হাজার ৫৭৯ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি, যেখানে এ পর্যন্ত মোট ৩৯ হাজার ৮৯৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ১১৭ জন । এর পরেই সর্বোচ্চ আক্রান্তের অবস্থান চট্টগ্রাম, যেখানে মোট সন্দেহভাজন রোগী ১৪ হাজার ৩৪৫ জন ।


