বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল লোগো পরিবর্তন করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন লোগোটি প্রকাশ করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন লোগোটির আনুষ্ঠানিক উন্মোচন না হলেও এর ব্যবহার শুরু হয়ে গেছে। রোববার সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দল এবং স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠকে নতুন একটি লোগো ব্যবহার করতে দেখা গেছে।
নতুন লোগোটিতে সবুজ ও লাল রঙের ব্যবহার বাড়ানো হয়েছে। সেই সঙ্গে দলটির নির্বাচনী প্রতীক দাড়িপাল্লাকে আঁকা হয়েছে নতুন আঙ্গিকে। লোগোয় যুক্ত হয়েছে কলমের আদল, রয়েছে একটি বইও।
এর আগে দলের একজন দায়িত্বশীল নেতা টাইমস অব বাংলাদেশকে জানিয়েছিলেন, প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো।
যদিও এটিই চূড়ান্ত কিনা সেটি নিশ্চিত করেননি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ভুল করে লোগোটির ছবি চলে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
এই নেতা বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগোটি ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে সেটি আমাদের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।’


