মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানির গ্লাস দেওয়া নিয়ে তুচ্ছ বিরোধের জেরে কাচের গ্লাসের আঘাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া উপজেলার আলিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি সিন্দুরখান সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আটক ইসমাইল মিয়া একই এলাকার ফজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোহেল মিয়া চা পান করতে ওই দোকানে যান। এ সময় পানি খাওয়ার গ্লাস দেওয়া নিয়ে ইসমাইল মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইসমাইল দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও দুপুরের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পুনরায় হাসপাতালে নেওয়া হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনির্বাণ দেব জানান, সোহেলের মাথায় গুরুতর আঘাত ছিল এবং সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে আনার পর তিনি মারা যান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পৌর শহর থেকে অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

