পৃথক দিনে গণভোট ও সংসদ নির্বাচনসহ তিন দাবিতে ৬ নভেম্বর রাজধানীতে গণমিছিল ও ১১ নভেম্বর সমাবেশ করবে জামায়াত ও সমমনা ৮ দল। সোমবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জামায়াত ও সমমনা ৮ দলের অপর দুটি দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং সংশোধিত নির্বাচনী আইন(আরপিও) বহাল রাখা। এসব দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেবে তারা।
রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মামুনুল হক। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ সমমনা অন্যান্য দলের নেতারা এসময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের আগে কর্মসূচি নির্ধারণে জামায়াত ও সমমনা ৮ দলের শীর্ষ নেতারা বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি আসলে কি চায় তা স্পষ্ট নয়। দলটির সঠিক বক্তব্য জানা খুব জরুরি। গণভোটসহ জুলাই সনদ নিয়ে ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলোচনা করার আহবান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। এ প্রসঙ্গে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর এমন বৈঠকে একজন সঠিক রেফারি থাকতে হবে। সেই রেফারি হচ্ছেন প্রধান উপদেষ্টা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অবিলম্বে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোকে বসে সমস্যার সমাধানের তাগিদ দেন।
জামায়াতে ইসলামীর সমমনা দলগুলি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস(দুই গ্রুপ), নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।


