মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ফজলে রাব্বি (২৪) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আব্দুর হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠী গ্রামের ইউসুফ আলীর ছেলে। আহত চালক আব্দুর হোসেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাদিয়া পাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাভারের হরিণধারা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বর্তমানে সাভারের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা শেখ সুরুজ মিয়া ও সাইফুল ইসলাম জানান, রাতে শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে একটি সিএনজি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। তারা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অন্যদিকে রাব্বিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি প্রাইভেট কার পেছন দিক থেকে সিএনজিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে।’


