জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আন্দোলন আরও তীব্র হয়েছে। এবার রেজিস্ট্রার ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের সামনে অবস্থান নিয়ে তালা লাগান। তাদের অভিযোগ, ঘটনার পাঁচ দিন পার হলেও অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, ‘দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার মূল অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। এতে প্রশাসনের কার্যকারিতা ও দায়বদ্ধতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে।’
তিনি জানান, শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা। এ দাবিতে চাপ বাড়াতেই রেজিস্ট্রার ভবনে তালা দেওয়ার কর্মসূচি পালন করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের ভবনে যাতায়াতে বাধা দেওয়া হবে না বলেও জানান আন্দোলনকারীরা।
এর আগে অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রক্টর অফিসেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।
গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জোর করে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় পরদিন আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনার পর শিক্ষার্থীরা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আলটিমেটাম দেন। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ, কুইক রেসপন্স টিম গঠন এবং সাইবার সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিও জানান তারা।
সাত সদস্যের তদন্ত কমিটি
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। উপ-রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।


