সরকার অনিরাপদ প্রাণিজ সম্পদ আমদানির পক্ষে নয়: উপদেষ্টা

সরকার অনিরাপদ প্রাণিজ সম্পদ আমদানির পক্ষে নয়: উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, ‘সরকার অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির পক্ষে নয়। তাই দেশীয় প্রাণিজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে সরকার অগ্রসর হচ্ছে।’

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাজধানী ঢাকাসহ সারা দেশে একযোগে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মানিক মিয়া এভিনিউ থেকে জমকালো র‍্যালি বের হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয়।

পরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ -শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

পোল্ট্রি সেক্টরে আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করে ফরিদা আখতার বলেন, ‘পোল্ট্রি শিল্পের জন্য ভুট্টা ও সয়াবিন আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে হলে এই দুটি ফসলকে কৃষি খাতের অন্তর্ভুক্ত করে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

আরও পড়ুন

২০২৬ সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন হওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘এলডিসি থেকে বের হতে হলে যেসব সক্ষমতা প্রয়োজন, আমরা তা এখনো পুরোপুরি অর্জন করতে পারিনি। এতে একদিকে ক্ষতির ঝুঁকি রয়েছে, তারপরও এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

পোল্ট্রি সেক্টরের ক্ষুদ্র খামারিদের চ্যালেঞ্জ তুলে ধরে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘পোল্ট্রি ফিডের সংকট সমাধান জরুরি। ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে হলে ফিড–সংক্রান্ত সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে এবং তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সেমিনারে প্রাণিসম্পদ খাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা, নিরাপদ খাদ্য উৎপাদন, মানোন্নয়ন, বাজারব্যবস্থা, গবেষণা–উদ্ভাবন, ক্ষুদ্র খামারির টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের এতে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ‘প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে সবচেয়ে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এই খাতে নতুন উদ্যোক্তা বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ করা।’

এসময় শিক্ষার্থীদের পড়াশোনা শেষে প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আবু তাহের জানান, এরইমধ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর