জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলন আরও তীব্র রূপ নিয়েছে। ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পর প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন।
শুক্রবার দিবাগত রাত থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। শনিবার সকাল পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পর আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তারা জানান, গত ১৩ মে ছয় দফা দাবি তুলে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন ঘটনার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে অস্পষ্ট আচরণ করেছে এবং ঘটনার বিভিন্ন তথ্য যথাযথভাবে উপস্থাপন করেনি। ভুল ছবি প্রচারের মাধ্যমেও বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে ঘটে যাওয়া একাধিক ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এ অবস্থায় প্রক্টরের পদত্যাগ, অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।
সংবাদ ব্রিফিং শেষে আন্দোলনরত নারী শিক্ষার্থীরা প্রক্টর অফিসের আগের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। পাশাপাশি অফিসের দেয়াল ও দরজায় বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী গ্রাফিতিও লিখে দেন।

এদিকে আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাকবিতণ্ডা হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উপাচার্য বলেন, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং তদন্তে কিছু অগ্রগতিও রয়েছে। তিনি জানান, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষের বক্তব্য শুনে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভুল ছবি প্রকাশের অভিযোগও তদন্তের আওতায় আনা হবে এবং শিক্ষার্থীরা প্রশাসনকে প্রয়োজনীয় সময় দেবে বলে তিনি আশা করছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন।


