সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে জাফলংয়ে ঘুরতে আসেন রাহি। বিকালে নাজিমগড় নৌকাঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পার হওয়ার সময় স্রোতের তীব্রতায় সে পানিতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ডুবুরিরা নদী থেকে রাহির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


