সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেটে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২জন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস ভোর সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের একটি বাসও ওই সংঘর্ষের কবলে পড়ে।

দুর্ঘটনায় এনা ও শ্যামলী বাস দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাস। ছবি: টাইমস

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলের দুপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটে আটকা পড়ে শতাধিক যানবাহন। পরে পুলিশের সহায়তায় সকাল ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad