জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কখনোই জাতীয় পার্টির (জাপা) মতো ‘পোষা বিরোধী দল’ হতে চায় না বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘এনসিপি ক্ষুদ্র দল হতে চায় না। আগামী নির্বাচনে আমরা হয় সরকার গঠন করব, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব। জাপার মতো পোষা বিরোধী দলে পরিণত হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।’
শুক্রবার সন্ধ্যায় ঢাকার শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম জানান, আওয়ামী লীগের পদাধিকারী কিংবা জুলাইবিরোধীরা এনসিপির আহ্বায়ক কমিটিতে থাকতে পারবেন না।
তিনি স্পষ্ট করে বলেন, ‘যাদের ভাবমূর্তি খারাপ বা যারা ক্ষমতা ও পদের অপব্যবহার করেছেন, তাদের দলে নেওয়া হবে না। প্রয়োজনে এসব বিষয়ে ফ্যাক্টচেক করা হবে।’
‘অন্য দলের যারা সৎ ও গ্রহণযোগ্য ভাবমূর্তির অধিকারী, তারা এনসিপিতে আসতে পারেন। তবে তারা আগের দলের আদর্শ লালন করতে পারবেন না’, বলেন সারজিস।
দলের সবার প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা মনে করেন এনসিপিতে এসে ব্যক্তিগত স্বার্থ হাসিল করবেন, তাদের জন্য এই দল নয়। তারা আগের জায়গায় ফিরে যেতে পারেন। এনসিপি তার নিজস্ব আদর্শ ও নীতির পথেই চলবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, কেউ যেন নিজে এগিয়ে যাওয়ার জন্য অন্যকে টেনে নিচে নামানোর চেষ্টা না করেন। এনসিপির ভেতর দেখা যায়, অনেকেই অন্যের বিরুদ্ধে অভিযোগ করে নিজের অবস্থান শক্ত করতে চান, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
দলটির ভবিষ্যৎ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘এনসিপি যদি জুলাইয়ের আকাঙ্ক্ষা ও লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে দুই বছরের মধ্যেই এটি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দলে পরিণত হবে।’
দলের কমিটিতে জনপ্রিয়, কর্মঠ ও মেধাবী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। তরুণ ও যোগ্যদের জন্য দল সর্বদা উন্মুক্ত থাকবে জানিয়ে সারজিস আরও বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটিও গঠন করা হবে। এসব কমিটি ঢাকার বাংলামোটর অফিস থেকে নয়, বরং সংশ্লিষ্ট এলাকায় সভা করেই গঠন করতে হবে।’
নেতৃত্বের বয়সসীমা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘জেলা ও থানা কমিটির আহ্বায়ক হতে হলে বয়স ৪০ বছরের বেশি হতে হবে এবং সদস্য সচিবের বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর।’


