সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার বেলা সাড়ে ৩টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন প্রধান বিচারপতি। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে বিভিন্ন স্তরের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ১০টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এ ছাড়াও অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
গত ২৩ ডিসেম্বর সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের দিন থেকে তাঁর মেয়াদ শুরু হয়।


